শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি/২২ মাঘ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলার সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া ও আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান।
বক্তারা বলেন, শাল্লা উপজেলা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জন্য সুপরিচিত। এই গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখতে হবে।
তারা আসন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচিগুলোকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
একইসঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে রাজনৈতিক ও সামাজিকভাবে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শাল্লার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।