শান্তিগঞ্জে ধামালী গানের রচয়িতা প্রতাপ রঞ্জন স্মরণে প্রথম লোক উৎসব

প্রকাশিত March 28, 2022
শান্তিগঞ্জে ধামালী গানের রচয়িতা প্রতাপ রঞ্জন স্মরণে প্রথম লোক উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি : অনেক কালজয়ী ধামালী গানের রচয়িতা প্রতাপ রঞ্জন দাস তালুকদার স্মরণে লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে কবির বাড়ির সামনের মাঠে রবিবার সকাল থেকে টাইলা প্রতাপ রজ্ঞন ধামাইল উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ও শান্তিগঞ্জ প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের লোকসংস্কৃতি গবেষক ও লোকসংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন।
টাইলা প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন পরিষদের সভাপতি, পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য মো মছরু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়কারী জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় ধামাইল উৎসবে প্রধান অতিথি ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, গবেষক ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতুন কুমার দাস তালুকদার, শান্তিগঞ্জ প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের সভাপতি জয়ন্ত তালুকদার পুণ্টন, সাধারণ সম্পাদক শ্যামল দে, দিরাই উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নারায়ন চন্দ্র দাস, কবি পুত্র প্রসেন দাস তালুকদার ও পিন্টু দাস তালুকদার।
উল্লেখ্য, কবি প্রতাপ রঞ্জন দাস তালুকদার ১৯৪৫ সালে ১৮ জানুয়ারি টাইলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ অক্টোবর নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন।