শক্তিশালী সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত September 1, 2026
শক্তিশালী সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও লজিস্টিক সহ অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর/১৭ ভাদ্র) সিলেট মহানগরীর তোপখানা রোডে সুরমা ভ্যালিতে মহানগনর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিং-এ তিনি একথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি বিভিন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। শত প্রতিকূলতার মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার জ্যেষ্ঠ সন্তান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বর্তমানে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিল্প, বাণিজ্য ও অর্থনীতির প্রতিটি খাতকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেটে একটি বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতি আনার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে।
খন্দকার মুক্তাদির বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন করা হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেশের দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে শিল্প-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতির প্রতিবন্ধকতা দূর করার কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইডি