লেখকদের কলমের মাধ্যমে জাতি এগিয়ে যাওয়ার পথ নির্দেশনা পায়

প্রকাশিত September 30, 2023
লেখকদের কলমের মাধ্যমে জাতি এগিয়ে যাওয়ার পথ নির্দেশনা পায়

সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হাসান বলেছেন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান মাধ্যম। লেখকরা তাদের লিখনির মাধ্যমে জাতির পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। তাদের কলমের মাধ্যমে জাতি এগিয়ে যাওয়ার পথনির্দেশনা পায়।
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর সিলেটে লেখক, কবি ও গবেষক সরওয়ার ফারুকীর ইতিহাসভিত্তিক ‘কিশোর কানাইঘাট’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বইয়ের প্রকাশক প্রতিষ্ঠান দোআঁশ পাবলিকেশন্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। দোআঁশ স্বত্বাধিকারী লুৎফুর রহমান তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সৈয়দ আলী আহমদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জিল্লুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হান্নান, শাবিপ্রবির অবসরপ্রাপ্ত ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকারিয়া, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, শাবিপ্রবির ডেপুটি লাইব্রেরিয়ান কাওছার আহমদ, কানাইঘাট সমিতি সিলেট মহানগরের আহ্বায়ক আলতাফুল হক, কবি বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, মাধ্যমিক শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা সভাপতি মো এখলাছে এলাহী ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও সমাজসেবক মুহাম্মদ আব্দুর রহিম, এশিয়ান টিভির সিলেট ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ সালেহ বিন মালিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গোলজার আহমদ হেলাল, যুগ্মসাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, ব্যবসায়ী আব্দুল গফুর, কবি ও ব্যাংকার শাহেদ আব্দুর রকীব, গীতিকার ও ছড়াকার প্রভাষক শাহীদুল মুরছালীন, সমাজকর্মী মহিউদ্দীন জাবের, লেখক শামসীর হারুনুর রশীদ, ফিজিওথেরাপিস্ট জাকির হোসাইন, তাসলিমা খানম বীথি ও জসিম উদ্দিন।
অনুষ্ঠানে কবি সরওয়ার ফারুকীর কবিতা আবৃত্তি করেন ক্যালিগ্রাফি শিল্পী ও শিক্ষক জাহেদ হোসাইন রাহীন। দেশাত্ববোধক গান পরিবেশন করেন মহসিন এ এলাহী। সংবাদ বিজ্ঞপ্তি