লাখাইয়ে শিশুদের ঝগড়ার জের ধরে সংঘর্ষ : বাড়িঘর ভাংচুর ও লুটপাট

প্রকাশিত August 7, 2022
লাখাইয়ে শিশুদের ঝগড়ার জের ধরে সংঘর্ষ : বাড়িঘর ভাংচুর ও লুটপাট

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ১ আগস্ট গ্রামের আহাদ মিয়ার নাতি ও সাইকুল মিয়ার শিশুপুত্রের মধ্যে ঝগড়া হয়। তবে স্থানীয় ইউপি মেম্বার মো মোস্তাক মিয়া বিষয়টি নিষ্পত্তি করে দেন। এরপরও বুধবার বিকেলে আহাদ মিয়ার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইকুল মিয়ার পুরুষশূন্য বাড়িঘরে হামলা ভাংচুর চালানো হয়। খবর পেয়ে সাইকুল মিয়া ছুটে এলে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়েছে, এ সময় সাইকুল মিয়ার ভাই আইকুল মিয়া ও হাকিম মিয়া তাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। হামলা করা হয় বাড়ির নারীদের উপরও। এছাড়া ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকার মুরব্বিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।