লাখাইয়ে মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত June 14, 2026
লাখাইয়ে মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের লাখাই উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করেছে।
র‌্যাব-৯ জানায়, লাখাই উপজেলার সিংহগ্রাম খাদিজাতুল কুবরা মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রী গত ২১ এপ্রিল দুপুর সোয়া ১টার দিকে অপহৃত হয়। তবে এক পর্যায়ে সে পরিবারের লোকজনের কাছে ফোনে খবর পৌঁছাতে সক্ষম হয় যে, অপহরণকারী তাকে জোরপূর্বক কুমিল্লা রেল স্টেশনের কাছে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করছে।
এ ঘটনায় ছাত্রীর পিতা বাদি হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব -৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল গত ১১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতাকে উদ্ধার ও মামলার আসামি আফজল মিয়াকে (২২, পিতা মো শামসুল হক, গরিব হোসেন মহল্লা, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদরাসা ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।