ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত October 27, 2022
ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ (সা) হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমত। মুসলিম উম্মাহর জীবন পরিচালনার একমাত্র আর্দশ। কারণ নবীজীকে (সা) অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। দুনিয়াব্যাপী এখন শান্তি ও ন্যায় বিচারের জন্য কত হাহাকার। অথচ ১৪শ বছর আগেই বিশ্বনবী (সা) গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে বুঝিয়ে গেছেন কুরআন হাদিসের অনুসরণই দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তির নিশ্চয়তা দিতে পারে।
বৃহস্পতিবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা) উপলক্ষে ‘সামাজিক শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসুল (সা)’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলের ৪র্থ তলায় অনুষ্ঠিত সভায় ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ সেক্রেটারি অ্যাডভোকেট আজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো সামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। স্বাগত বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।-সংবাদ বিজ্ঞপ্তি