নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা জব্দ ও দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) রাত পৌণে ৩টার দিকে জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকারী একজনকে আটক করে।
পরে তার দেওয়া তথ্য মতে, মাটির নিচে পুঁতে রাখা নীল রংয়ের ৪টি প্লাস্টিকের ড্রামের ভিতর থাকা ৭৬ কেজি গাঁজাসহ আলী আকবর (৫২, পিতা মৃত শহিদুল ইসলাম ওরফে সুদ মিয়া, নলগড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও একই দিন সকাল পৌণে ৯টার দিকে আরেক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় ১০ কেজি গাঁজাসহ কাওছার মিয়া নামের (৩৫, পিতা মো তারা মিয়া, আহমেদাবাদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।