র‌্যাব-৯ উদ্ধার করেছে অস্ত্র মাদক ও চোরাচালানি পণ্য || গ্রেফতার ২ শতাধিক

প্রকাশিত May 6, 2026
র‌্যাব-৯ উদ্ধার করেছে অস্ত্র মাদক ও চোরাচালানি পণ্য || গ্রেফতার ২ শতাধিক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিলেট উল্লখ্যযোগ্য সংখ্যক অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার এবং ২ শতাধিক আসামি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি বিদেশী রিভলবার, ১টি শটগান, ১টি ওয়ান শুটারগান, ১টি বন্দুক ও ১০টি এয়ারগান। একই সঙ্গে উদ্ধার করা হয়, ১০৮টি কার্তুজ ও ডেটোনেটর, ১৪টি ককটেল ও ৪.৯ কেজি পাওয়ার জেল বিস্ফোরক।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩২৬ কেজি গাঁজা, ১২ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৪৭৯ বোতল ইসকফ সিরাপ, ১৩৮ বোতল ফেন্সিডিল, ৪৩৫ লিটার বিদেশী মদ ও ১৪ লিটার বিয়ার।
এছাড়াও ৮১ লাখ টাকা মূল্যমানের চোরাচালানি পণ্য, ৩টি ট্রাক এবং একাধিক প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পাশাপাশি আলোচিত বিভিন্ন হত্যা মামলায় ৬৫ জন ও ধর্ষণ মামলায় ২৪ জনসহ ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও মানবপাচার ইত্যাদি মামলায় দুই শতাধিক আসামি ও ২০ জনের অধিক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।