র‌্যাবের অভিযানে সুনামগঞ্জে দস্যুতার অভিযোগে ১ জন গ্রেফতার

প্রকাশিত May 9, 2026
র‌্যাবের অভিযানে সুনামগঞ্জে দস্যুতার অভিযোগে ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জে দস্যুতার অভিযোগে একজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরফিননগর এলাকার শোয়েব চৌধুরী (৪৫) গত ৭ মে আনুমানিক দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্ট হতে রিকশাযোগে কাজে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন তাকে আটকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় শোয়েব চৌধুরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে এক দুর্বৃত্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন; কিন্তু অন্য ৩ জন পালিয়ে চলে যায়।
এ ঘটনায় শোয়েব চৌধুরী সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৮ মে) আনুমানিক রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মাহতাব উদ্দিন জুগলুলকে (৪৩, পিতা আফতাব উদ্দিন, নিজগাঁও, সদর, সুনামগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।