নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের দিরাই থানার মিতা বেগম হত্যা মামলার এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, দিরাই উপজেলার বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার মিতা বেগম গত ২৯ মে সন্ধ্যায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধে গুরুতর আহত হয়ে পরদিন মধ্যরাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
এ ব্যাপারে তার মা বাদি হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বুধবার (৩ জুন/২০ জ্যৈষ্ঠ) আনুমানিক রাত ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি খাদিজা বেগমকে (২৩, স্বামী টিটু মিয়া, নতুন বাগবাড়ী, দিরাই, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।