র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে পুলিশ এ্যাসল্ট মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত December 3, 2025
র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে পুলিশ এ্যাসল্ট মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশ এ্যাসল্ট মামলার আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ১১ জানুয়ারি গভীররাতে কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ারপাড় বালুর মাঠে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ২টি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করে; কিন্তু ট্রাক্টর চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এর একমাস পর ১১ ফেব্রুয়ারি মালামাল জব্দ করা কালীন কিছু লোক পুলিশের নিকট থেকে পাথর বোঝাই ট্রাক্টর দু’টি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
পরদিন রাত সাড়ে ৩টার দিকে পাথর বোঝাই ট্রাক্টর দু’টি চালক দিয়ে চালিয়ে নোয়াগাঁও পুলিশ চেকপোস্টের সামনে নেওয়ার পর আবারো ট্রাক্টর দু’টি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে ছিনতাইয়ের চেষ্টাকারীরা পুলিশ পোস্টে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জের থানাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি শাহাবুদ্দিনকে (৩২, পিতা মৃত নিজাম উদ্দিন, পাড়ুয়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।