র‌্যাবের অভিযানে ইটনার হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার

প্রকাশিত April 19, 2026
র‌্যাবের অভিযানে ইটনার হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের যৌথ অভিযানে কিশোরগঞ্জের ইটনা উপজেলার আইয়ুব আলী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার হয়েছে।
র‌্যাব-৯ জানায়, উপজেলার ইটনা বড়হাটি এলাকার আইয়ুব আলীর (৬৮) সাথে এলাকার একটি পক্ষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ মধ্যগ্রাম গাবতলী এলাকায় তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে।
পরে আশপাশের লোকজন আইয়ুব আলীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ, র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রবিবার (১৯ এপ্রিল/৬ বৈশাখ) আনুমানিক রাত পৌণে ৩টায় বগুড়ার শেরপুর উপজেলার খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১, ২, ৪ ও ১২ নম্বর পলাতক আসামি ইটনা নয়াবাড়ির মো সাব্বির হোসেন (২২, পিতা মজিবুর রহমান), মজিবুর রহমান (৫৫, পিতা মৃত আব্দুল হাই) ও মো সজিব মিয়া (২৬, পিতা-মজিবুর রহমান) এবং ইটনা কচুয়ারহাটির মো শাহআলমকে (৫২, পিতা মৃত মমিন মিয়া) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিগণকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।