রাজস্ব আদায় বাড়লে সেবা সম্প্রসারণ ও উন্নয়ন সহজ হয় : সিসিক প্রশাসক

প্রকাশিত June 11, 2026
রাজস্ব আদায় বাড়লে সেবা সম্প্রসারণ ও উন্নয়ন সহজ হয় : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজস্ব বিভাগ সিটি কর্পোরেশনের অন্যতম চালিকাশক্তি। রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়। তাই এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১১ জুন/২৮ জ্যৈষ্ঠ) বিকেলে নগর ভবনে রাজস্ব বিভাগের কর্মীদের সম্মাননা ও রেইনকোট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সিসিক রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সিসিক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের সচিব মো আশিক নূর ও প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান এসেসর মো আবদুল বাছিত, কর কর্মকর্তা জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু ও বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমদ চৌধুরী সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সিসিক প্রশাসক স্মরণ করিয়ে দেন, সিলেট সিটি কর্পোরেশন থেকেই কর্মকর্তা-কর্মচারীদের জীবন-জীবিকা নির্বাহ হয়। তাই পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ”আমাদের লক্ষ্য সিলেটকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, পর্যটনবান্ধব ও বাসযোগ্য নগরীতে পরিণত করা। এ জন্য রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও হাট-বাজারসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায়ে আরও জোর দিতে হবে।”
রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন কর কর্মকর্তা জামিলুর রহমান, সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, নিবন্ধন পরিদর্শক মোহাম্মদ শামীম, লাইসেন্স পরিদর্শক মো ফখরুল ইসলাম ও মো নাহিদ আজিজ, কর আদায় শাখার আদায়কারী গৌতম রায় (বিজ্ঞাপন), আব্দুল আহাদ, রাশিদুল ইসলাম, শেখ মো ফারহান আহমদ, মো মিছবাউর হক ফাহিম, আসাদ আহমদ, হাসমত আলী, সীমান্ত দে শপথ ও জামাল উদ্দিন, লাইসেন্স শাখার আদায়কারী অলিউর রহমান, দেবব্রত রায়, মো আব্দুল মুমিন, শাকিল আহমদ শিপলু এবং মো ইসমাইল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি