রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গি অর্থদাতা’ বানানো হয় : জাকির

প্রকাশিত October 13, 2025
রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গি অর্থদাতা’ বানানো হয় : জাকির

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব-আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন দাবি করেছেন, জঙ্গি উদ্দেশ্যে তাকে একসময় ‘জঙ্গি অর্থদাতা’বানিয়ে অপপ্রচার চালানো হয়েছিল।
সোমবার (১৩ অক্টোবর/২৮ আশ্বিন) দুপুর সিলেট মহানগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমনটি দাবি করেন।
তিনি আরও দাবি করেন, জঙ্গি তৎপরতার সাথে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। তাকে সমাজ ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়াই এ অপপ্রচারের উদ্দেশ্য ছিল। ২০১৮ সালে মিডিয়া ট্রায়াল ও অপপ্রচারের মাধ্যমে ‘জঙ্গি অর্থদাতা’বলে অপবাদ দিয়ে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত এবং দেশে তার পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়।
মতবিনিময় সভায় সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের জাকির হোসাইন দেশের রাজনীতিতে ও প্রবাসে তার ভূমিকা তুলে ধরেন।
জাকির হোসাইন জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতি শুরু। পরবর্তী সময়ে তিনি প্রবাসে বিএনপির জন্য কাজ করেন। সক্রিয়ভাবে অংশ নেন জুলাই আন্দোলনে। দেশে ফিরে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কাস্টমসঘাটকে স্থলবন্দরে রূপান্তরিত ও লোভাছড়াকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। এছাড়া পাথর উত্তোলন বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পরিকল্পনা তার রয়েছে। পাশাপাশি সিলেটে আবারও ফ্লাইদুবাই বিমান ফ্লাইট চালুর চেষ্টা তিনি করবেন।।
জাকির হোসাইন বলেন, ‘আমার একটাই লক্ষ্য, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের উন্নয়ন। আমি আশা করি, আমার এলাকার মানুষ ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।’