রাজনগরের ছিনতাই মামলায় ১ জনকে সিলেটে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত June 9, 2026
রাজনগরের ছিনতাই মামলায় ১ জনকে সিলেটে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের রাজনগর থানার ছিনতাই মামলায় একজনকে সিলেটে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, রাজনগর উপজেলার চান্দভাগ এলাকার মো ইমরান মিয়া (২৮) গত বছর ১৮ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে দোকানের মালামাল ক্রয় করার জন্য নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে তার পিতা সহ শ্রীমঙ্গল যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।
এ ঘটনায় ইমরান মিয়া রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল সেমাবার (৮ জুন) রাত পৌণে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মানিক মিয়া (৪৪, পিতা মসকু মিয়া, আমিনাবাদ চা বাগান রাজনগর, মৌলভীবাজার) নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে একই ছিনতাই মামলায় আরেকজনকে গত ১১ এপ্রিল র‌্যাব-৯ গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।