বিশেষ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য রিপাবলিক’ গত ৮ আগস্ট কলামিস্ট, শিক্ষা প্রশাসক ও গবেষক শাহ মনসুর আলী নোমানের একটি আলোকচিত্র প্রকাশ করেছে।
ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে ধারণ করা প্রকৃতিনির্ভর আলোকচিত্রটি পত্রিকার নির্বাচিত আলোকচিত্র হিসেবে স্থান পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য রিপাবলিক’ ১৮৭২ সাল থেকে প্রকাশিত হচ্ছে। এতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি ‘টেক ইয়োর বেস্ট শট’ বিভাগে নির্বাচিত আলোকচিত্র প্রকাশিত হয়।
ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্র চর্চার প্রতি অনুরাগ শাহ মনসুর আলী নোমানকে সৃজনশীল এই দুই জগতের সঙ্গে সম্পৃক্ত রেখেছে। তার কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র প্রকাশিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী সংবাদপত্রে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি বিবিসির বাংলার ‘প্রবাহ’ সহ ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমেও তার ধারণকৃত ছবি স্থান পেয়েছে।
লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দৈনিক ‘ভোরের কাগজ’ ও ‘এই সময়’ পত্রিকার পক্ষ থেকে বিভিন্ন সময়ে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি তাকে ‘২০২৫ সালের সেরা ফিচার লেখক’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় অবকাঠামো সমস্যা, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি ও মানবাধিকার—এই বিষয়গুলো তার লেখার প্রধান ক্ষেত্র। তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করলেও তার লেখা কলাম, নিবন্ধ, প্রতিবেদন ও আলোকচিত্র দেশে-বিদেশে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।
ইংল্যান্ডে যাওয়ার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।