বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এরপর জেলা পরিষদ প্রশাসক ভিপি মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক মো ফয়জুল করিম ময়ূন, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার পৌরসভা, পৌর কর্মচারী ফেডারেশন, উপজেলা পরিষদ, যুবদল ও মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “বাংলাদেশ বিনির্মাণে এখন আমাদের গুরুত্ব দিতে হবে অবকাঠামোর দিকে। গ্রামীণ অবকাঠামো আরো মজবুত করতে হবে। টেকসই উন্নয়নই এখন এ সরকারের বড় চ্যালেঞ্জ ।”
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে জেলার সকল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।