দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, তিনি দুর্নীতিমুক্ত থেকে দিরাই-শাল্লার মানুষের সেবা করার চেষ্টা করেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন নিজের নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হতে দেবেন না।
বৃহস্পতিবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) দিরাই উপজেলা বিএনপির ‘জুলাই স্মরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাছির চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়- তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। সকল ভেদাভেদ ভুলে দিরাই-শাল্লার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বক্তব্যের একপর্যায়ে আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, ”আমি বড়ই একা, আমার কেউ নেই, এমনকি আমার নিজের বাসাও নেই। আপনাদের সহযোগিতা নিয়ে আমি আধুনিক দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই।”
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও জালাল মিয়া।
এছাড়া নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরীও বক্তৃতা করেন।