বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন অভিযান চলছে।
গত ১৪ মার্চ সকালে এই সমন্বিত কর্মসূচি শুরু হয় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে। এ উপলক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অভিযানে রাস্তার দুই পাশে লাগানো অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ও ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ, ড্রেন পরিষ্কার, রাস্তায় জমে থাকা পানি ও ময়লা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার করে মশা নিধনে ওষুধ ছিটানো হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মশার প্রজনন ও উৎপওিস্থল ধ্বংসে এ কার্যক্রম চলমান থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পুলিশ সবসময় ভাল কাজে সহযোগিতা করে। ফুটপাত দখল করে ব্যবসা করা অবৈধ। প্রথম দিন সবাইকে বুঝিয়েছি; কিন্তু তাতে কাজ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সমন্বিত প্রতিতষ্ঠানের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা প্রতি শনিবার পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব। এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।