নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজার ও হবিগঞ্জে ১২টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন বুধবার (২৮ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৯টায় জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর-পাত্রখোলা সড়কের পেঁচারসেতুর আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
একইদিন আনুমানিক রাত পৌণে ১১টায় জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক সংলগ্ন একটি ভিটায় ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি/১৫ মাঘ) ভোর সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকায় বাঁশ বাগানের ভেতরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ৯২টি সীসার পিলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এসব এয়ারগান ও পিলেটগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত এয়ারগান ও সীসার পিলেটগুলো নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।