নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব একই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪৬৫টি গুলিসহ ১৭টি এয়ারগান উদ্ধার করেছে।
এসব অস্ত্র ও গুলি নাশকতায় ব্যবহারের জন্যে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (৪ জানুয়ারি) আনুমানিক রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় চা কন্যা ভাস্কর্যের উত্তর পাশের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করে।
একই রাত পৌণে ২টার দিকে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল কমলগঞ্জ উপজেলার কামুদপুর এলাকার একটি মেহগনি বাগানের ভিতর বাঁশ ঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করে।
তবে কোনো অভিযানেই অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত চালাচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত সব এয়ারগান ও গুলি জিডি মূলে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।