বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২১ জুন সকালে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিস আয়োজিত এই সেমিনার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলীর সঞ্চালনায় মৌলভীবাজার জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্য আইনের বিভিন্ন বিষয় তুলে ধরে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ’বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরাও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছি। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে আমাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি আরও সচেতন হতে হবে আমাদেরকে। আইন মূলত মানুষকে সচেতন করার জন্যই। ভেজাল, দূষিত ও অনিরাপদ খাদ্যে দেশ সয়লাব হয়ে গেছে। এসব অনিরাপদ খাদ্য খেয়ে মানুষ শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেনা-নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলেও ঢলে পড়ছে।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদিকরা অংশগ্রহণ করেন।