বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, টমটম ও সিএনজি চালিত অটোরিকশা জাতীয় যানবাহনে বর্ধিত ভাড়া আপাতত স্থগিত করা হয়েছে।
এসব পরিবহনের শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
গত ৩১ আগস্ট রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) শাহীনা আক্তার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো ইয়ামীর আলী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন এবং সেনাবাহিনী, আনসার, ট্রাফিক ইন্সপেক্টর, বিআরটিসি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়াই আদায় করতে হবে। তবে দ্রুত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও গণশুনানি করে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন পৌর প্রশাসক। সেই ভাড়ার তালিকা সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
এর আগে গত ১৯ আগস্ট মৌলভীবাজার জেলা অটোটেম্পু, বেবি, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রত্যেক রুটে এসব যানবাহনে ভাড়া ৫ টাকা বৃদ্ধি করলে যাত্রী সাধারণের মনে অসন্তোষ দেখা দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ছাত্র প্রতিনিধিরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।