মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল বিক্ষোভ

প্রকাশিত September 27, 2025
মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহরের চৌমোহনা দেওয়ানী জামে মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।
মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মো আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম ও সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকিরসহ অন্যান্য নেতাকর্মী।