বিশ্ব হেপাটাইটিস টেস্টিং সপ্তাহ ২০২৫ উপলক্ষে সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ শনিবার (২২ নভেম্বর/৭ অগ্রহায়ণ) সিলেট মহানগরীর উপকণ্ঠে বটেশ্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক শোভাযাত্রা, সেমিনার এবং বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা। নিবন্ধিত দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এই পরীক্ষার সুযোগ পান।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড তৌফিক রহমান চৌধুরী।
সেমিনারের প্রতিপাদ্য বিষয় ‘হেপাটাইটিস টেস্ট ও হেলথ অ্যাওয়ারনেস’ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ডা মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর মো ইশরাত ইবনে ইসমাইল, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ কায়কোবাদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড মো তাহের বিল্লাল খলিফা, মেডিক্যাল অফিসার ডা মো ইফতেখার হক প্রমুখ। এ সময় মেট্রোপলিটন ইউনিভর্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এসব কর্মসূচিতে ভলান্টিয়ার হিসেবে সহায়তা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট সদস্যবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি