মাধবপুরে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর বাড়ি || পরিদর্শনে বাসক

প্রকাশিত October 31, 2022
মাধবপুরে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর বাড়ি || পরিদর্শনে বাসক

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন-বাসক পরিচালক (প্রশাসন) সৈয়দ রায়হানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামে হামলায় ক্ষতিগস্ত প্রবাসী আবুল কালামের বাড়ি পরিদর্শন করেছন।
প্রতিনিধি দলের সদস্যরা ভাংচুর করা বাড়িঘর দেখেন এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ারও আশ্বাস দেন।
এ সময় প্রতিনিধি দলের কাছে হামলার বর্ণনা দিয়ে আবুল কালামের মা রহিমা খাতুন জানান, খেলু মিয়া বাড়ি ভাংচুর করে প্রায় ১ কোটি টাকা ক্ষতি করেছেন।
তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
২০২১ সালের ৪ এপ্রিল ঘর নির্মাণ কাজের জন্য প্রবাসী আবুল কালাম পার্শ্ববর্তী উত্তর নোয়াপাড়া গ্রামের খেলু মিয়ার জমি থেকে ৫০ হাজার টাকার বালু ক্রয় করেন; কিন্তু পরদিন সকালে তিনি বালু আনতে গেলে খেলু মিয়া তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে খেলু মিয়া সঙ্গীসাথীসহ হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ও আসবাবপত্র ভাংচুর করেন এবং এ সময় স্বর্ণলংকার ও নগদ টাকাসহ জিনিসপত্র লুট করা হয় বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় আবুল কালামের মা রহিমা খাতুন বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। তবে মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তী সময়ে বাদিপক্ষ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন-বাসকের শরণাপন্ন হন।