মাধবপুরে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত October 10, 2023
মাধবপুরে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের শের আলী নামে এক ব্যক্তিকে একটি হত্যা মামলায় আসামি করা ও গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার, ৯ অক্টোবর দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে মাধবপুর উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকের সামনে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে মীরনগর গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাছির মিয়া হত্যা মামলায় তার ভাই আব্দুল কাইয়ুম বাদি হয়ে মীরনগর গ্রামের শের আলী সহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। শের আলী একজন দিনমজুর। তার নাম এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা এই মামলার আসামি তালিকা থেকে শের আলীর নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে শের আলীর স্ত্রী এবং বোনসহ তার স্বজনরাও বক্তব্য রাখেন।