মাধবপুরে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আটক || কয়েক ঘণ্টা পর মুক্ত

প্রকাশিত May 12, 2023
মাধবপুরে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আটক || কয়েক ঘণ্টা পর মুক্ত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী রাবার ড্যাম এলাকা থেকে ১০/১৫ টি সরকারি গাছ কাটার দায়ে পুলিশের হাতে আটক রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়া কয়েক ঘণ্টা পর ছাড়া পেলেন।
এলাকাবাসী জানায়, চৌমোহনী ইউনিয়নের বুড্ডা এলাকায় সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম এলাকায় বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ ছিল।
বৃহস্পতিবার, ১১ মে সকালে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়া কয়েকজন শ্রমিক নিয়ে সেখান থেকে বড় বড় ১০/১৫টি গাছ কেটে ফেলেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুজন মিয়াকে আটক করে। তবে দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদির জানান, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে গাছ কেটেছেন। তাই সুজন মিয়াকে ছেড়ে দেওয়া হয়। তবে কাটা গাছগুলো জব্দ রাখা হয়েছে।