বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে মারামারি মামলায় সাক্ষি হওয়ায় এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা গ্রামের হজরত শাহ চাঁন মিয়া চৌধুরী মাজারের সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেন একই গ্রামের মো আকির মিয়াসহ কয়েকজন। এ নিয়ে শালিস হয়। হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। মামলা-পাল্টা মামলা হয়। গ্রেফতার হয়ে চেয়ারম্যান কারাভোগও করেন।
কিছুদিন আগে জামিনে মুক্তি পান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। এর পরপরই এলাকা উত্তপ্ত হয়ে উঠে। বুধবার, ১৭ মে হামলা চালিয়ে আহত করা হয় আব্দুল খালেক মোল্লা ও তার ভাই আবুল কাশেম মোল্লাকে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাতে সাক্ষি হন মো আকির মিয়া। এ কারণে পরদিন সন্ধ্যায় তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার বোন হাবিবা খাতুন বাদি হয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, চেয়ারম্যান জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে। মো আকির মিয়ার উপর হামলায় জড়িত আব্দুল আওয়াল ও মো শহিদ মিয়াকে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়।