মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর রহিমুন্নেছা দারুচছুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইবায়দুর রহমান বেলাল ও সেক্রেটারি তানভির আহামেদ সোহেল জানান, মাদরাসার সাবেক শিক্ষক মো আব্দুল্লাহ মাদরাসায় দায়িত্বকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়। এর জের ধরে তিনি মাদরাসার সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মাদরাসার শ্রেণিকক্ষ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
সংবাদ সম্মেলনে মো আব্দুল্লাহর দায়ের করা মামলাকে হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করা হয়।