মাধবপুরে মাদরাসায় দুর্নীতি বন্ধ ও পরিচালনা কমিটি বাতিল দাবিতে মানববন্ধন

প্রকাশিত April 28, 2023
মাধবপুরে মাদরাসায় দুর্নীতি বন্ধ ও পরিচালনা কমিটি বাতিল দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাহবাড়ী পৌর দাখিল মাদরাসার সুপার মো সিদ্দিকুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ এবং মাদরাসার পরিচালনা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মাদরাসার সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী বৃহস্পতিবার, ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবজাল পাঠান, মুহাম্মদ ছোট্ট মিয়া পাঠান, বিল্লাল পাঠান, শাহ মো বাছির, জুয়েল মিয়া, সুজন পাঠান, ক্বারী মাওলানা ইমরান আলী পাঠান, আমীন পাঠান ও মনির খান।
বক্তারা বলেন, দরগাহবাড়ী পৌর দাখিল মাদরাসার সুপার মো সিদ্দিকুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং মাদরাসার বর্তমান পরিচালনা কমিটি বাতিলের ব্যাপারে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে; কিন্তু কোন ফল হয়নি। তাই মানববন্ধন করা হয়েছে। অবিলম্বে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।