মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাতে উপজেলার আন্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, উপজেলার বেজুড়া গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে আব্দুল বাছির মিয়াকে ২০ কেজি গাঁজা সহ আটক করে তারা স্থানীয় ইউপি সদস্য আফজাল চৌধুরীর হাতে তুলে দেন; কিন্তু ইউপি সদস্যের নিকট থেকে এই মাদক কারবারি পালিয়ে গেলে জনতা ধাওয়া করে আবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যপারে ইউপি সদস্য আফজাল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক ব্যবসায়ী দু’জন ছিল। জনতা তাদেরকে আটকে ঘেরাও করে রাখে। এ সময় পুলিশের গাড়ি দেখে দুই জন পালিয়ে যেতে চাইলে জনতা একজনকে ধাওয়া করে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।