মাধবপুরে বন্যার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত November 8, 2023
মাধবপুরে বন্যার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, দক্ষিণ সুরমা গ্রামের শানু মিয়ার মেয়ে বন্যা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার, ৬ নভেম্বর দুপুরে শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত বন্যা আক্তারে সহপাঠিরা বলেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। এ মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ৪/৫ মাস আগে বন্যা আক্তারকে ভালবেসে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম মিয়া; কিন্তু গত ৩ নভেম্বর রাতে বন্যা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। এ ব্যাপারে শানু মিয়া বাদি হয়ে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে মেয়ের জামাই ও তার পরিবারের কয়েকজনকে আসামি দিয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই বন্যা আক্তারের স্বামী তানিম মিয়া ও তার ভাই তায়েব মিয়া পলাতক রয়েছে।