মাধবপুরে প্রবাসীর জায়গা দখলের চেষ্টা || গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশিত January 26, 2024
মাধবপুরে প্রবাসীর জায়গা দখলের চেষ্টা || গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক সৌদি প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় প্রবাসীর স্ত্রী নাজিয়া খাতুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার এক জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন একই গ্রামের মৃত ফখর উদ্দিন আহাম্মেদ চৌধুরীর ছেলে গিয়াস উদ্দিন আহাম্মেদ চৌধুরী ও তার লোকজন। এছাড়া তাদের বিরুদ্ধে প্রবাসী দুলাল মিয়ার জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উল্লেখ করা হয়। আরও উল্লেখ্য করা হয়েছে, প্রতিপক্ষের ভয়ে প্রবাসী পরিবারের সদস্যরা প্রতিবাদ করার সাহস পান না।
প্রবাসীর স্ত্রী নাজিয়া খাতুন জানান, প্রতিপক্ষের লোকজনদের ভয়ে তারা আতংকে দিন কাটাচ্ছেন।
প্রতিপক্ষের লোকজনদের নামে আরও মামলা ও অভিযোগ রয়েছে।
প্রবাসী দুলাল মিয়ার ভাই বিল্লাল মিয়া জানান, প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কথা বলে না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করবে বলেও প্রচারণা চালাচ্ছে।
তবে গিয়াস উদ্দিন আহাম্মেদ চৌধুরী জানান, তাদের নামে যে সব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলাউদ্দিন জানান, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা রয়েছে। বিষয়টি কয়েকবার বসে সমাধা করার চেষ্টা করা হয়েছে; কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সমাধান হয়নি।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, আদালতে মামলা করা হয়েছে। তাই আদালতের নির্দেশ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।