মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ২ দিন পর তেলের ট্যাংকি থেকে শাহজীবাজার গ্যাস ফিল্ডের কর্মচারী তফছির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তফছির মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো জলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তফছির মিয়া পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করতেন। রবিবার সকাল ৮টায় কাজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়; কিন্তু আর বাড়ি ফিরেননি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকির ভিতর তফছির মিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।