মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহীন আলমের বিরুদ্ধে তার চাচা শফিক মিয়ার সম্পত্তি কৌশলে নিজের স্ত্রী রহিমা বেগমের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় শফিক মিয়ার ছেলে মানিক মিয়া জেলা সাব রেজিস্ট্রার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে শাহিন আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
এতে উল্লেখ করা হয়, শাহিন আলমের দাবি করা দলিলে শফিক মিয়ার টিপসই রয়েছে। অথচ শফিক মিয়া তার সম্পাদিত অন্যান্য দলিলে স্বাক্ষর দিয়েছেন। এছাড়া তিনি জায়গা বিক্রি করলে পরিবারের লোকজন অবশ্যই জানতেন; কিন্তু শাহিন আলমের স্ত্রীর নিকট জায়গা বিক্রি করার বিষয়ে পরিবারের অন্য কেউ অবগত নয়।
অন্যদিকে দলিল লেখক শাহীন আলম জানান, শফিক মিয়ার টাকার বিশেষ প্রয়োজন হওয়াই তিনি জায়গা বিক্রি করেছেন।
শফিক মিয়া তো স্বাক্ষর দিতে জানতেন, তাহলে দলিলে স্বাক্ষরের পরীবর্তে টিপসই কেন-জানতে চাইলে তিনি জানান, শফিক মিয়া অসুস্থ থাকায় টিপসই নিয়ে রেজিস্ট্রি করা হয়েছে।