মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের পানির পাম্প ও ফ্যান চোর এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
এই চুরির ঘটনায় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী থানায় লিখিত অভিযোগ দিলেও চোর চক্র ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
সম্প্রতি একটি পানির পাম্প চুরি করে বিক্রির ঘটনায় কয়েক যুবকের নাম সামনে আসে। তবে চুরি হওয়া পাম্পটি উদ্ধার হলেও চোর ধরা না পড়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর মো জিল্লুর রহমান জানান, সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের দুটি সিলিং ফ্যান ও পানির পাম্প চুরি হয়। কয়েকদিন আগে কয়েকজন যুবক পানির পাম্পটি বিক্রি করতে গেলে ধরা পড়ে। তবে বিষয়টি ধমাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
কমিউনিটি ক্লিনিকের চুরির ঘটনায় তিনি অভিযোগ করায় তাকে কয়েকজন হুমকি দিচেছ বলে তিনি জানিয়েছেন।
এলাকার ইউপি সদস্য মো আবু জাহের মিয়া জানান, পানির পাম্প চুরি করে বিক্রির সময় ধরা পড়া যুবকদের বিরুদ্ধে এলাকাবাসী একের পর এক অভিযোগ করার কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি এখন পর্যন্ত সমাধা করতে পারেননি।
যারা এলাকায় চুরির ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মাধবপুর থনার অন্তর্গত কামিশনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বেশ কিছু চোরকে গ্রেফতার করা হয়েছে।