নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত যুবককে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করেছ।
র্যাব-৯ জানায়, উপজেলার জগদীশপুর জে সি হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে এক যুবক প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে অনৈতিক প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ৮টায় অস্ত্রের ভয় দেখিয়ে সোনা ও রূপার অলঙ্কারসহ অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতার বোন বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতাকে উদ্ধার ও আসামি মো স্বপন মিয়াকে (১৮, পিতা মো ছালেক মিয়া ওরফে তাউছ মিয়া, সোয়াইয়া, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।