মাধবপুরের কবিতার রহস্যজনক মৃত্যুর ১০ দিন পরও গ্রেফতার হয়নি কোনো আসামি

প্রকাশিত April 21, 2025
মাধবপুরের কবিতার রহস্যজনক মৃত্যুর ১০ দিন পরও গ্রেফতার হয়নি কোনো আসামি

তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মেয়ে কবিতা আক্তারের রহস্যজনক মৃত্যুর ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
গত ১১ এপ্রিল রাতে স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামে রহস্যজনক মৃত্যু হয় কবিতা আক্তারের।
প্রায় ৬ মাস পূর্বে মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের আলাল মিয়ার মেয়ে কবিতা আক্তারের বিয়ে হয় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ফতেপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে মো মামুন মিয়ার সঙ্গে; কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন কবিতা আক্তারকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে।
খবর পেয়ে ১২ এপ্রিল কবিতা আক্তারের বাবা, মা ও পুলিশ মামুন মিয়ার বাড়িতে গিয়ে দেখেন, গৃহবধূর মরদেহ পড়ে আছে; কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন মিয়া সহ শ্ব্শুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। পরে মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেয়।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছবি : মামুন মিয়া।