মহানগরীর দুই ওয়ার্ড পরিদর্শন || সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস সিসিক প্রশাসকের

প্রকাশিত July 8, 2026
মহানগরীর দুই ওয়ার্ড পরিদর্শন || সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহানগরীর ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে নাগরিক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
বুধবার (৮ জুলাই/২৪ আষাঢ়) বিকেলে তিনি সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সমস্যাগুলো সরেজমিনে প্রত্যক্ত করে এ আশ্বাস দেন।
শুরুতে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা খেলার মাঠ সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ ও বিদ্যালয় ভবনের দেয়াল রঙ করার দাবি জানান।
সিসিক প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে।
পরে তিনি গোটাটিকর এলাকার লাল মিয়া জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এরপর সিসিক প্রশাসক ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি নতুন জামে মসজিদ ও বরইকান্দি ৩ নম্বর সড়ক পরিদর্শন করেন।
এ সময় এলাকাবাসী সড়ক ও ড্রেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর সমস্যার সমাধানই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দিয়েই পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লি মো ফখরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদির, হাফিজ আব্দুল মুকিত, রফিক মিয়া, জাহেদ মিয়া, মধু মিয়া ও কবির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি