নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সিম্পা হত্যা মামলার ২ আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকার সিম্পার (২২) ৫ বছর পূর্বে মো মফিজুল ইসলামের সাথে বিয়ে হয়। গত ৯ মে পারিবারিক কলহের জের ধরে পরদিন সকালে বসতঘরে তার গলায় ফাঁস লাগানো মরদেহ পাওয়া যায়।
শ্বশুরবাড়ির লোকজন তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করলেও তার পিতা বাদি হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (৪ জুলাই) আনুমানিক রাত পৌণে ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের মনাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর ও ২ নম্বর পলাতক আসামি সিম্পার স্বামী মো মফিজুল ইসলাম (২৭, পিতা আব্দুল হাই) ও শ্মশুর আব্দুল হাইকে (৫৫, পিতা মৃত উমর আলী) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।