মধ্যনগরে হাওরের ধান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক

প্রকাশিত April 12, 2026
মধ্যনগরে হাওরের ধান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে আটকে থাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত বোরো ধান বাঁচাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে মাটি চাপা পড়ে এক যুবক প্রাণ হারিয়েছেন।
তার নাম মো আরমান হোসেন (১৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাইলানী গ্রামের আনফর আলীর ছেলে। রবিবার (১২ এপ্রিল/২৯ চৈত্র) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মধ্যনগর বোয়ালার হাওরের হাওরিয়া পাড়ায় শোল ডুয়ারী জাঙ্গাল এলাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত বোরো ফসল রক্ষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন কৃষকরা। এ সময় পানি নিষ্কাশনের নালায় কাজ করতে গিয়ে দুপাশের মাটি ধসে চাপা পড়েন আরমান হোসেন। তার সঙ্গী ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।