মধ্যনগরে বন্যা পরবর্তী সময়ে ৩৩টি পরিবারের মাঝে হাঁস বিতরণ

প্রকাশিত October 15, 2022
মধ্যনগরে বন্যা পরবর্তী সময়ে ৩৩টি পরিবারের মাঝে হাঁস বিতরণ

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বন্যা পরবর্তী সময়ে অসহায় মানুষের মাঝে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬৩ হাজার টাকার গৃহপালিত হাঁস বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ৩৩টি পরিবারের নারী-পুরুষের হাতে ৪টি করে হাঁস তুলে দেন, সুনামগঞ্জ জেলার পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি, অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। এ সময় তিনি জানান, ইতঃপূর্বে সিলেটে ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যার্তদের মাঝে মাছ ধরার নৌকা, ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। আরও কিছু সামগ্রী বিতরণ করা হবে।
মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান হাঁস বিতরণে অংশ নেন। তিনি উপজেলাবাসীর পক্ষ থেকে অর্থনীতি এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক শেখ জিহান আসিফ ও সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার।