মধ্যনগরে পানি ও বিদ্যুৎ বিহীন অবস্থায় হরিজনদের বসবাস

প্রকাশিত November 5, 2025
মধ্যনগরে পানি ও বিদ্যুৎ বিহীন অবস্থায় হরিজনদের বসবাস

অমৃত জ্যোতি, মধ্যনগর : বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলেও ভালো নেই মধ্যনগরের হরিজন সম্প্রদায়ের লোকজন। এখনও পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত এই মানুষগুলো নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধা থেকে দূরে অবস্থান করছেন।
মধ্যনগর সদরে অর্ধশতাব্দি যাবৎ পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। বর্তমানে ৭টি পরিবারে তাদের ছোটবড় সদস্য সংখ্যা ৩০। কেরোসিন কুপি কিংবা মোমবাতির আধো আলোয় তাদেরকে রাত কাটাতে হয়।
মধ্যনগরে ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তাদের বসবাস; কিন্তু নেই নিজস্ব বাসস্থান, নেই কোন ভাতা, নেই ন্যায্য মূল্যের টিসিবি কার্ড এমনকি নেই ভিজিডি সুবিধাও। ফলে জীবনসংগ্রাম ক্রমেই কঠিন থেকে কঠিনতরো হয়ে উঠছে।
সারা মধ্যনগরের বর্জ্য, ডাস্টবিন, পয়ঃপ্রণালী, মৃতপশু আর ড্রেনের ময়লা-আবর্জনা অসারণ করে যারা এই জনপদকে ঝকঝকে তকতকে রাখেন তাদের জীবন অভাবের জঞ্জালে পূর্ণ। নেই পর্যাপ্ত পারিশ্রমিকও। তাই চান, সরকারি উদ্যোগে তাদেরকে সাধারণ জীবনের ন্যূনতম সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করুক। তারা অবিলম্বে পানি ও বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বৈধ নাগরিকের পরিচয়পত্র, ছবি ও জমির পর্চা থাকলে যে কেউ বিদ্যুৎ সংযোগ পাবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে সুপেয় পানির ব্যাবস্থা করা হবে।