বিশেষ প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ-আপ বাংলাদেশ শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ কর্মসূচির আয়োজন করে। এতে সংহতি প্রকাশ করে অংশ নেয় দ্যা রেড জুলাই মৌলভীবাজার।
মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে আপ বাংলাদেশের আহ্বায়ক শিবলু আহমদ এই হামলাকে সম্পূর্ণরূপে পূর্বপরিকল্পিত ও জুলাই চেতনার ওপর আঘত বলে আখ্যায়িত করেন।
দ্যা রেড জুলাই নেতা মাহি আহমেদ মাহবুব বলেন, যারা জুলাইকে সহ্য করতে পারে না তারাই বিপ্লবীদের ওপর এই ধরনের ন্যক্কারজনক হামলা করেছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুল নুর তালুকদার বলেন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতে ভিপি নুরের ওপর হামলা করা হয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহসভাপতি নাহিদা খানম, আপ বাংলাদেশের যুগ্মআহ্বায়ক মাছুম আহমদ, সদস্য সচিব নাঈম কিবরিয়া ও যুগ্মসদস্য সচিব আব্দুস সামাদ মুন্না।