নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ভারতীয় প্রতারকের বিয়ের প্রলোভনে পাচারকালে সুনামগঞ্জের এক তরুণীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।
র্যাব-৯ জানায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিম নামের একজনের সাথে বাংলাদেশের নাগরিক তাছনিম জাহান আলোর (২০) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে রেজাউল করিম কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে তাকে সোমবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায়।
অন্যদিকে তাছনিম জাহান আলোর বড়ভাই তার বোন নিখোঁজ হওয়ার ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এর পরিপ্রেক্ষিতে তাছনিম জাহান আলোকে উদ্ধার ও আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) আনুমানিক বিকেল সোয়া ৩টায় ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ঘাটিয়ারা এলাকার থ্রি স্টার আবাসিক হোটেলের ৫০৭ নম্বর কক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই নিখোঁজ তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত তাছনিম জাহান আলো (২০, পিতা আব্দুল আউয়াল, হাছাননগর, সুনামগঞ্জ) জানায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের যোগাযোগ হতো।
রেজাউল করিম একজন প্রতারক ও মানবপাচারকারী বলে র্যাব-৯ জানিয়েছে।
তাছনিম জাহান আলোকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।