নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের বিরোধের জের ধরে গত ২৭ নভেম্বর রাতে সাদ্দাম নিহত হন।
সাদ্দামের পরিবারের অভিযোগ, দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৮ নভেম্বর সাদ্দামের বাবা বাদি হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল রবিবার (১১ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টায় কুমিল্লার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি পলাশ মিয়াকে (৩৫, পিতা মৃত. ভুলন মিয়া, কান্দিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর র্যাব-৯ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছিল।