বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান উচ্ছেদ বন্ধ, আমদানিকারক ও শো-রুমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য কমানো, বর্তমান বাজারদরের সমন্বয় করে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ এবং রিকশা ও ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের রেশনিং চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের চৌমোহনায় সংগঠনের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শত শত রিকশা শ্রমিক পাতাকুঁড়ির সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা রিকশা শ্রমিক ইউনয়িনের সভাপতি মো সোহেল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহসভাপতি গিয়াসউদ্দিন ও সহসাধারণ সম্পাদক জসিমউদ্দিন বিক্ষোভ সমাবেশে রিকশা শ্রমিকদের সমস্যা-সংকটের কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানান।
এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, শহর জুড়ে ব্যাটারিচালিত রিকশা, টমটম ও সিএনজি অটোরিকশার যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকছে। তাই এসব রিকশা চলবে গলির রাস্তায়-মূল রাস্তায় নয়।
শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর রাখতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।