বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বই ও সনদপত্র বিতরণ

প্রকাশিত February 20, 2026
বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বই ও সনদপত্র বিতরণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের মধ্যে বই ও ‘সুলতানার স্বপ্ন’ পাঠপ্রতিক্রিয়ার সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি/৭ ফাল্গুন) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব। শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ করে তুলে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন লেখকের বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ থেকে বই বিতরণ করা হয়।
গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুই ভাষা সৈনিক বাণী কান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। বিশেষ অতিথি ছিলেন দীঘলবাঁক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, করগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ ও পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সজীব দাশ, অর্ঘ্য দাশ, দিয়া দাশ, মনসা রাণী দাশ, দিঘি দাশ, মুক্তা দাশ, সৃষ্টি রাণী দাশ, রকি দাশ, নয়ন দাশ, প্রীতম দাশ, পুলক দাশ, বিশাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ।
উল্লেখ্য, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে সারাদেশ থেকে বাছাই করা ৫০টি বেসরকারি গ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের চতুর্থ মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি